প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 March 2026, 11:23 ইং
যশোরে ব্যবসায়ীকে উচ্ছেদচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের আরএন রোড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা এক ব্যবসায়ীকে বেআইনিভাবে উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মো. কুদ্দুস (৫২) এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. কুদ্দুস জানান, ১৯৯৫ সালের ১ মার্চ তিনি শহরের ৪ নম্বর আরএন রোড চৌরাস্তায় অবস্থিত একটি ভবনের নিচতলায় দুটি দোকানঘর ৩ লাখ ১৫ হাজার টাকায় পজিশন ক্রয় করেন। তৎকালীন মালিক এ.এম.এফ রহমানের (খোকা) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি সেখানে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। তবে ২০০৭ সালে ভবনটি এ.কে.এম খয়রাত হোসেন নামের এক ব্যক্তির কাছে বিক্রি হওয়ার পর থেকেই সমস্যার শুরু হয়।
কুদ্দুসের অভিযোগ, নতুন মালিক খয়রাত হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে দোকান থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, আমাকে নতুন করে চুক্তিতে বাধ্য করা হয়েছে এবং আগের চুক্তিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি আমি নিয়মিত ভাড়া দিতে চাইলেও তিনি রশিদ না দিয়ে আমাকে ডিফল্টার বানানোর অপচেষ্টা করছেন। পরে নিরুপায় হয়ে আমি আইনজীবীর মাধ্যমে ডাকযোগে ভাড়া পরিশোধ করছি।
কুদ্দুস বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করতে দোকানে উগ্রবাদী বই রেখে ‘জঙ্গি’ সাজানোর চেষ্টা করা হয়েছে এবং আমাকে ‘রাজাকার’ বলেও অপবাদ দেওয়া হয়েছে।”সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ওই দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কুদ্দুস দাবি করেন, সমস্ত বিল পরিশোধ করা সত্ত্বেও আজ পর্যন্ত সংযোগ পুনঃস্থাপন করা হয়নি। বিদ্যুৎ না থাকায় তার ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। ১৬-১৭ জনের বিশাল সংসার নিয়ে তিনি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং অবৈধ উচ্ছেদ প্রচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ