প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 March 2026, 10:16 ইং
যশোরে সাংবাদিক পরিচয়ে চিকিৎসককে জিম্মি করে ২০ লাখ টাকা দাবি

স্টাফ রিপোর্টার :
যশোরে কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও তার পরিবারকে মানসিক হেনস্তা, জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং তার শালীকে নিখোঁজ করে ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিকিৎসক ডা. মো. রাফসানজানি এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। আজ দুপুর ১টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ডা. রাফসানজানি জানান, তিনি সম্প্রতি ৪৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেছেন। গত ১০ দিন ধরে একটি পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে তিনি এবং তার স্ত্রীর পরিবার চরম মানহানি ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ গত ৮ মার্চ 'স্বদেশ বিচিত্রা'র সাংবাদিক পরিচয়ধারী আসিফ আকবর সেতু নামে একজন তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে দেখা করতে বলেন। দেখা করলে জানায় তার ১৭ বছর বয়সী শ্যালিকা সামিয়া আফরুজ 'যশোর জার্নাল' নামে একটি ফেসবুক পেজে একটি অভিযোগ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে পত্রিকায় সংবাদ ঠেকাতে সেতুর এক সহযোগী ৩০ হাজার টাকা দাবি করেন। এরপর ১২ মার্চ 'ডিবিসি নিউজ'র সাংবাদিক সাকিরুল কবীর রিটন তাকে দেখা করতে বলেন। ওইদিন রাতে যশোর মাইকপট্টি এলাকায় 'এশিয়ান টেলিভিশন'র সাংবাদিক শামীমের অফিসে ডা. রাফসানজানি ও তার স্ত্রীকে জিম্মি করে রাখা হয়। সেখানে তাকে ক্যামেরার সামনে বসিয়ে নিউজের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার 'প্যাকেজ' প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে সাংবাদিকদের জন্য ১০ লাখ এবং তার শ্যালিকাকে মামলা থেকে বিরত রাখতে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে চাকরিচ্যুত ও মানহানির হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডা. রাফসানজানির শ্যালিকা সামিয়া আফরুজ মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং প্রায়ই কাল্পনিক কথাবার্তা বলেন। গত ১৫ মার্চ তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় ১৬ মার্চ লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে ডিবি পুলিশের লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, সামিয়া মণিরামপুর গাজী সুপার মার্কেট এলাকায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সাংবাদিক পরিচয়ের দুর্বৃত্তরা তাকে পরিবারের কাছ থেকে আলাদা করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দরকষাকষি করছে।
ডা. রাফসানজানি এই চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ডা. রাফসানজানি'র স্ত্রী সাজেদা আফরুজ, শ্বশুর সাজেদুর রহমান, শাশুড়ী সেলিনা বেগম উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ