প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 March 2026, 13:01 ইং
হরমুজের নৌ-কমান্ডার তাঙসিরি নিহত: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক :
হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার প্রধান কারিগর এবং দেশটির নৌ-বাহিনীর প্রভাবশালী কমান্ডার আলিরেজা তাঙসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, আজ বৃহস্পতিবার ভোরে বন্দর আব্বাসে অবস্থানকালে কমান্ডার তাঙসিরিকে লক্ষ্য করে এই বিশেষ বিমান হামলা চালানো হয়। তবে ইরান সরকার, দেশটির প্রতিরক্ষা বাহিনী কিংবা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এই খবরের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি হবে চলমান যুদ্ধে ইরানের জন্য আরেকটি বড় ধাক্কা।
আলিরেজা তাঙসিরি ছিলেন ইরানের সেই হাতেগোনা কয়েকজন শীর্ষ কর্মকর্তার একজন, যাদেরকে এর আগেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। ২০১৮ সালে নৌ-বাহিনীর উচ্চপদস্থ কমান্ডারের দায়িত্ব পাওয়ার পর থেকে তার প্রধান কাজ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে তার নেতৃত্বেই এই প্রণালিতে কঠোর অবরোধ জারি করেছিল ইরান।
বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের শুরুর পর থেকে তাঙসিরির কমান্ডে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ব্রিটেনের সামুদ্রিক জাহাজ চলাচল নিরাপত্তা সংস্থার (UKMTO) তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১২টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে।
শীর্ষ এই কমান্ডারের মৃত্যুর খবর যদি সত্যি হয়, তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিশ্ব জ্বালানি বাজারে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে হামলার ভয়ে অনেক জাহাজ এই রুট এড়িয়ে চলায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও তরল গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্বের বহু দেশে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইসরায়েল
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ