প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 March 2026, 14:30 ইং
স্বাধীনতা দিবসে বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়

বেনাপোল প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের মধ্যে বর্ণিল আয়োজনে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার এই গৌরবময় দিনে সীমান্তে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরকে ফুল, মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির সুসজ্জিত ব্যান্ডের বাদন ও দেশাত্মবোধক সংগীতের মূর্ছনায় পুরো সীমান্ত এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান। তিনি সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারিত্ব ও নিবেদিতপ্রাণ দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা উল্লেখ করেন, এ ধরনের প্রতীকী আয়োজন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পেশাদার সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে বিজিবি সদস্যরা দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। পুরো আয়োজনটি স্থানীয় জনসাধারনের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ