প্রিন্ট এর তারিখঃ Mar 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 March 2026, 09:53 ইং
যশোরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার :
জাতীয় সমাজ কল্যাণ পরিষদ'র উদ্যোগে যশোরে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়'র সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান । সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরিচালিত এসব সহায়তা কার্যক্রম দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটির আয়োজন করে যশোর জেলা সমাজসেবা কার্যালয় এবং সার্বিক সহযোগিতায় ছিল জেলা প্রশাসন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নির্বাচিত ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই সহায়তা তাদের জীবনে সাময়িক স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ