প্রিন্ট এর তারিখঃ Mar 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 March 2026, 12:33 ইং
মালিকপক্ষের চাপে ত্রুটিপূর্ণ বাস সড়কে, যশোরে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক :
যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসটি ভস্মীভূত হলেও চালক ও সহকারীর দ্রুত তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে যশোর শহরের মনিহার এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি বাস। ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বাসটি থেমে গেলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালক ও সহকারীর সহায়তায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে বাসের অধিকাংশ অংশ পুড়ে কঙ্কালে পরিণত হয়। আগুনের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, বাসটি যাত্রা শুরুর আগেই চালক ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু মালিকপক্ষের অনড় অবস্থান ও চাপের মুখে চালক ত্রুটিপূর্ণ বাসটি নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হন।
ওসি আরও জানান, যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে ত্রুটিপূর্ণ বাস সড়কে নামানোর পেছনে দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ