প্রিন্ট এর তারিখঃ Mar 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 March 2026, 14:38 ইং
প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

স্বপ্নভূমি ডেস্ক :
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষ ও দাবির মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, "প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের বড় অসন্তোষ ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।"
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 'মিটার ভাড়া' হিসেবে গুনতে হয়। অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের প্রকৃত দাম উঠে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক। এই চার্জ প্রত্যাহারের দাবিতে গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠন জোরালো আন্দোলন করে আসছিল।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা নেওয়া হয়। এই মোট চার্জের ওপর আবার অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে গ্রাহকের বিল থেকে কেটে নেওয়া হয়। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে।
মন্ত্রী আরও জানান, দ্রুতই এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে এবং এরপর থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। সরকারের এই পদক্ষেপকে সাধারণ গ্রাহক ও ভোক্তা অধিকার সংগঠনগুলো স্বাগত জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ