প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 March 2026, 16:28 ইং
বেনাপোলে কুরিয়ার ভ্যানে ২৯ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

স্টাফ রিপোর্টার :
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে প্রায় ২৯ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ টাস্কফোর্স।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং শার্শা থানার উপপরিদর্শক (এসআই) পায়েল কুন্ডোর উপস্থিতিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়িটি থেকে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা শাওয়ার জেল, গোল্ড অ্যান্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েভ কন্ডিশনার, হারবাল লাইফ নিউট্রিশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
টাস্কফোর্সের পরিচালক ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। আটক পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ