প্রিন্ট এর তারিখঃ Apr 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 April 2026, 11:56 ইং
বিজিবির আভিযানে শার্শায় মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি ইজিবাইকসহ কালাম হোসেন (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (৫ এপ্রিল) সকালে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক কালাম হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বকবু সরকারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোগা সীমান্তে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে ১০ বোতল উইনিক্স সিরাপ এবং ১১ বোতল ইসকুফ (ESKUF) সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ ও চালক কালামকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির ফলেই এই চালানটি ধরা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি’র এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ