প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 April 2026, 11:35 ইং
সংসদে প্রকাশ পেল ব্যাংক ঋণের শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা

স্বপ্নভূমি ডেস্ক :
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লিখিত প্রশ্নে তিনি এই তথ্য ও শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন।
অর্থমন্ত্রীর দেওয়া তালিকায় শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপ এবং বেক্সিমকোর মতো প্রভাবশালী শিল্পগোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠান। শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, ২. এস. আলম ভেজিটেবল অয়েল, ৩. সালাম রিফাইন্ড সুগার, ৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ৫. সোনালী ট্রেডার্স, ৬. বেক্সিমকো লিমিটেড, ৭. গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, ৮. কেমন ইস্পাত লিমিটেড, ৯. এস. আলম ট্রেডিং কোম্পানি এবং ১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ।
তালিকায় আরও রয়েছে— কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর পাওয়ার প্ল্যান্ট, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল), কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার, বেক্সিমকো কমিউনিকেশন্স এবং রংধনু বিল্ডার্স।
খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে অর্থমন্ত্রী জানান। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো:
- ইচ্ছাকৃত খেলাপি শনাক্তকরণ: ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ নীতিমালা জারি করা হয়েছে।
- নগদ আদায়ের লক্ষ্যমাত্রা: আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে প্রত্যেক ব্যাংককে তাদের খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নগদ আদায়ের টার্গেট দেওয়া হয়েছে।
- আইনি টিম শক্তিশালীকরণ: ব্যাংকগুলোর লিগ্যাল টিমকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক কোম্পানি আইন এবং অর্থ ঋণ আদালত আইনসহ বিদ্যমান আইনগুলো সংশোধনের কাজ চলছে। এছাড়া, ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ (AMC) প্রতিষ্ঠার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, খেলাপিরা যাতে উচ্চ আদালতে রিট করে ঋণ আদায় প্রক্রিয়া স্থবির করতে না পারে, সে জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ