প্রিন্ট এর তারিখঃ Apr 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 April 2026, 12:12 ইং
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় মামলা, আটক নেই

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের ২৪ ঘন্টা পার হলেও অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে একজনের নামসহ অজ্ঞতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিনয় কৃষ্ণ পাল। অভিযুক্তরা হলেন, উপজেলার গুয়াখোলা গ্রামের এফ এম আলাউদ্দিন আহম্মেদের ছেলে এফ এম রাব্বি (৩২) ও তার সহযোগি অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ এপ্রিল) রাত ৯ টার দিকে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টির নওয়াপাড়া সুপার মার্কেটে মাহি ফ্যাশান নামের একটি কাপড়ের দোকানে এফ এম রাব্বি (৩২) ও তার সহযোগি অজ্ঞাতনামা ৪/৫জন যুবক অনধিকার প্রবেশ করে। তারা দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে রাজি না হলে তারা দোকানের মালিককে ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়েতে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে এবং বিষয়টি পুলিশকে জানালে খুন করে লাশ গুমের হুঁমকি দিয়ে পালিয়ে যায় তারা।
অভিযাগকারী ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় চাঁদাবাজ এফ এম রাব্বিসহ অজ্ঞাতনামা ৪/৫জন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছি। মামলা দায়েরের পূর্বে কাপুড়িয়াপট্টিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মামলা দায়েরের ২৪ ঘন্টা পার হলেও অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্ত এফ এম রাব্বি মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিনয় কৃষ্ণ পাল বলেন, চাঁদাবাজি মামলা দায়েরর পর থেকে অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ