প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 April 2026, 13:03 ইং
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের ঢেউ লেগেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এই অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। তিনি জানান, তিন মাস মেয়াদী এই কমিটি আপাতত বোর্ডের কার্যক্রম পরিচালনা করবে।
ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে সাধারণত আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। তবে এনএসসি ক্রীড়া পরিচালক জানিয়েছেন, বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। একই সাথে নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের তালিকাও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে।
নবনির্বাচিত এই কমিটিতে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আইনি ও কর্পোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এই অ্যাডহক কমিটি আগামী ৯০ দিন বিসিবির প্রশাসনিক ও ক্রিকেটীয় কর্মকাণ্ড দেখাশোনা করবে। তাদের প্রধান লক্ষ্য হবে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা এবং আইসিসির সাথে সমন্বয় বজায় রেখে বোর্ডের নিয়মিত নির্বাচন বা পরবর্তী স্থায়ী কাঠামো গঠন করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ