স্বপ্নভূমি ডেস্ক:
শেরপুর-৩ আসনের সাধারণ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। দুই আসনেই নির্বাচনী আমেজ বিরাজ করছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গতকাল বুধবার বলেন, ইসির তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ ঠিক রয়েছে। প্রয়োজনেরও অধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচনী এলাকাজুড়ে থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা যে ধরনের প্রস্তুতি নিয়েছি, তাতে কারো অনিয়ম করার সাহস দেখানোর কথা নয়।
তার মতে, এর পরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা কঠোরভাবে দমন করবে।
শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে ১৫০টি ভোটকেন্দ্রের মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। ৫৩ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১২৮টি ভোটকেন্দ্রে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭। এ আসনের ২৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং গারো পাহাড়ি এলাকার ৩২টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে ইসি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাত হাজার ৩০৯ জন। এর মধ্যে বগুড়া-৬ আসনে এক হাজার ২৮১ জন প্রবাসী ও দেশের ভেতরে দুই হাজার ৪৫৫ জনের কাছে ব্যালট পাঠানো হয়। আর শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসী এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়।
কিন্তু শেরপুর-৩ আসনে গতকাল পর্যন্ত মাত্র পাঁচজন প্রবাসী ভোট দিয়েছেন এবং বগুড়া-৬ আসনে ২৩ জন প্রবাসী ভোট দিয়েছেন।
দেশের ভেতরে পোস্টাল ব্যালটে শেরপুর-৩ আসনে ভোট দিয়েছেন এক হাজার ৯৫ জন। আর বগুড়া-৬ আসনে ভোট দিয়েছেন ৮৪৪ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয়। এতে বিএনপি এককভাবে ২০৮ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। তবে ওই সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো বাকি। এ আসনে একজন প্রার্থী মারা গেলে ভোট বাতিল করে ইসি। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে জয়ী হলে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরবর্তী সময়ে আসন দুটিতে পুনরায় তফসিল ঘোষণা করে ইসি।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।