প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 April 2026, 06:23 ইং
কেশবপুরে আকষ্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি
কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আকাশে মেঘ করে আকষ্মিকভাবে বৃষ্টির সাথে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ব্রি-২৮ জাতের ধান পড়ে গেছে।
ক্ষেতের ধান পড়ে যাওয়ায় চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে উপজেলা কৃষি অধিদপ্তর বলছেন, ব্রি-২৮ জাতের ধান পাকার মত হয়ে গেছে। যে কারণে কৃষকের ক্ষতির সম্ভাবনাও কম।
সরেজমিন উপজেলার মূলগ্রাম, ভবানীপুর, হাবাসপোল, বেগমপুর, দোরমুটিয়া এলাকা ঘুরে দেখা গেছে কৃষকের ক্ষেতের ব্রি-২৮ জাতের অধিকাংশ ধান ঝড়ে পড়ে গেছে। উপজেলার দোরমুটিয়া গ্রামের কৃষক হুমায়ূন কবির, আব্দুস সামাদ ও আব্দুল ওয়াদুদ বলেন, আকষ্মিক ঘূর্ণিঝড়ে তাদের ক্ষেতের ধান পড়ে গেছে। তারা জানান, পড়ে যাওয়া ধান চিটা হয়ে যাবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষকদের ক্ষেতের ২৮ জাতের ধান ঝড়ে পড়ে যাওয়ার কিছু খবর এসেছে। ক্ষেত উর্বর ও বেশি সার ব্যবহার করার কারণে কৃষকের ধান পড়ে গেছে। তবে ধান পাকার মত হওয়ায় পড়ে যাওয়া ধানে চিটা ধরার সম্ভাবনা খুবই কম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ