প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 April 2026, 12:08 ইং
এম এম কলেজ ছাত্রশিবিরের তিন দিনব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব’ শুরু

নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম কলেজ) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে তিন দিনব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব’ শুরু হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে ‘চেতনায় চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভের পূর্ব পাশে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবাইদুল্লাহ হুছাইন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সঠিক ইতিহাসের চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। বছরের শুরুতে নতুন উদ্দীপনায় দেশকে জানতে এবং সুস্থ সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।” তিনি আরও জানান, সংগঠনের সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা থাকলে সরাসরি স্টলে এসে প্রকাশনাগুলো দেখে এবং কর্মপদ্ধতি জেনে তা দূর করার সুযোগ রয়েছে।
কলেজ শাখার সভাপতি রাকিব হোসেন জানান, ইসলামী ছাত্রশিবির গতানুগতিক কোনো সংগঠন নয় বরং এটি দেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ নাগরিক তৈরির একটি প্ল্যাটফর্ম। নববর্ষকে কেন্দ্র করে ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের সৌন্দর্য ও জনকল্যাণমূলক কর্মসূচি প্রদর্শনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এখানে ছাত্র-ছাত্রী উভয়ের জন্যই আলাদা ‘সমর্থক ফোরাম’ ও ‘স্টাডি জোন’ রাখা হয়েছে।
উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শাখার সেক্রেটারি আনিছুর রহমান বলেন, “আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই উৎসব চলবে। এখানে ডেস্ক ক্যালেন্ডার, ডায়েরি, তিন পাতার ক্যালেন্ডারসহ প্রায় ৬০ থেকে ৭০ ধরনের আকর্ষণীয় আইটেম রয়েছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে সুস্থ জ্ঞানচর্চা ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শহর শাখার অফিস ও দাওয়াহ সম্পাদক আবু হাসানসহ এমএম কলেজ শাখা শিবিরের নেতাকর্মীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে বিজ্ঞান, গণিত ও বাংলাদেশের ইতিহাসের ওপর ভিত্তি করে প্রকাশিত বিশেষ বইসমূহ পাওয়া যাচ্ছে। আয়োজনের প্রথম দিনেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ