প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 April 2026, 10:18 ইং
প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ও একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী যশোর সফর করবেন। ওই দিন তিনি যশোর মেডিকেল কলেজ এবং শার্শার উলসীতে 'জিয়া খাল' খনন কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে জেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ২০ এপ্রিলের মধ্যে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে। ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত যশোর সদর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রধান সড়কগুলোতে কোনো প্রকার নির্মাণ সামগ্রী রাখা বা বাস, ট্রাক, ট্যাংকার ও পিকআপ পার্কিং করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ২৫-২৭ এপ্রিল পর্যন্ত নির্ধারিত রুট, প্যারিস রোড ও তৎসংলগ্ন এলাকার সকল দোকানপাট এবং জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকবে।
সারাদেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সভায় কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যাদের মোটরসাইকেলে ৩ লিটার বা তার বেশি তেল থাকবে, তারা পাম্প থেকে নতুন করে তেল পাবেন না।
৩ লিটারের কম তেল থাকলে পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনী বৈধ কাগজপত্র যাচাই করে তেল দেবেন। কাগজপত্র না থাকলে ১ মাসের জন্য গাড়ি জব্দ করা হবে। শহরের চেয়ে গ্রাম এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের ইরি মৌসুমে সেচ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে তেল মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা মার্চ-২০২৬ মাসের অপরাধচিত্র তুলে ধরেন এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। তবে আসন্ন পহেলা বৈশাখ উদযাপন ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোর গ্যাং প্রতিরোধ, ছিনতাই বিরোধী অভিযান এবং সীমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
"মাননীয় প্রধানমন্ত্রীর সফর আমাদের জন্য বড় সুযোগ। আমরা নতুন করে যশোরকে সাজাবো। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের সাময়িক অসুবিধা হলেও আমরা শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলবো।"
সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী -পরিচালক সোহেল আল মাহমুদ, র্যাবের এসপি রেজাউল হক, যশোরের পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এছাড়া সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ