প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 April 2026, 11:25 ইং
‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির অলিখিত চুক্তিতে খুনিরা জামিন পাচ্ছে’, সারজিস আলম

স্বপ্নভূমি ডেস্ক :
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ‘অলিখিত চুক্তির’ কারণে জুলাই অভ্যুত্থানের দাগি আসামিরা জামিন পাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি দাবি করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পেছনে আওয়ামী লীগের ভোটের বড় ভূমিকা রয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।
সারজিস আলম বলেন, “দুঃখজনক হলেও সত্য যে, বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের মধ্যে একটি অলিখিত চুক্তি ছিল। এই চুক্তির ফলেই অভ্যুত্থানের সময় যারা জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করেছিল, যারা আমাদের ভাইদের হত্যার জন্য দায়ী, তারা আজ বীরদর্পে জামিন পেয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেও দেশের বাইরে বসে এখন এই কথাগুলো বলছেন।
জাতীয় সংসদের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সংসদে বাতিল হওয়া ২০টি অধ্যাদেশ পাসের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি আগে যে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা চেয়েছিল, ক্ষমতায় আসার পর তারাই এখন সেগুলোকে নিজেদের কব্জায় নিতে চাইছে। সারজিস অভিযোগ করেন, “গুম, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে যাতে সরকারি দল আগের মতো ছড়ি ঘুরাতে পারে।”
শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বর্তমান অবস্থা তুলে ধরে এই নেতা বলেন, যারা লাঠি দিয়ে পিটিয়েছিল তারা এখন বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং যোদ্ধাদের হুমকি দিচ্ছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি বিরোধী দলের কবর খুঁড়ে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটতে চান, তবে মনে রাখবেন, ওই কবরে আপনাদের জায়গা সবার আগে হবে।”
শহীদ পরিবার ও আহতদের সরকারি প্রলোভনে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে সারজিস আলম বলেন, “দয়া করে বিভাজিত হবেন না। আমরা চাই আপনারা কোনো দলের ব্যানারে নয়, বরং যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের স্বজনরা জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষার পক্ষে থাকুন। আমরা যদি ভুল করি, তবে আমাদের বিপক্ষেও কথা বলবেন।”
মতবিনিময় সভায় ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ