প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 April 2026, 06:38 ইং
অস্ট্রেলিয়ার ১২৫ বছরের ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক :
নিজেদের ১২৫ বছরের সামরিক ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করল অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ পদে (সেনাপ্রধান) নিয়োগ দেওয়া হয়েছে একজন নারী কর্মকর্তাকে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) লেফটেনেন্ট জেনারেল সুসান কোয়লিকে এই ঐতিহাসিক দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সরকার।
দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে আধুনিকায়ন ও বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুসান কোয়লি বর্তমানে সেনাবাহিনীর 'জয়েন্ট ক্যাপাবিলিটিসের' প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী জুলাই মাস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল সিমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন তিনি। সিমন স্টুয়ার্ট ২০২২ সালের জুলাই থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন।
সুসান কোয়লির রয়েছে দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ার। এই সময়ে তিনি সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পদে কাজ করেছেন। বিশেষ করে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন সংকটময় মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সাহসী ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
এই নিয়োগের ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এক আনুষ্ঠানিক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আগামী জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি। এটি আমাদের দেশের জন্য এক গর্বের মুহূর্ত।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ