প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 April 2026, 16:56 ইং
জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা

স্টাফ রিপোর্টার :
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পুনর্নির্ধারিত এই মূল্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। অর্থাৎ লিটারপ্রতি অকটেনে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা বাড়ানো হয়েছে।
একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১১২ টাকা।
মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত এই মূল্য আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ