প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 April 2026, 01:24 ইং
যশোরে সিটি কর্পোরেশনের দাবিতে মানববন্ধন ও যশোর কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
যশোর যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন ও বর্ণাঢ্য আয়োজনে ‘যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার পর ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. রাহান হাসারের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলা ও প্রথম স্বাধীন জেলা হওয়া সত্ত্বেও যশোর এখনো সিটি কর্পোরেশনের মর্যাদা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য যশোর সফরকে সামনে রেখে বক্তারা অবিলম্বে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার জোর দাবি জানান।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ বলেন, "যশোরের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়নের জন্য সিটি কর্পোরেশন এখন সময়ের দাবি। এছাড়া শহরের তীব্র যানজট নিরসনে স্থায়ী ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক আবির হাসান ও প্রচার সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা যশোরের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা যশোর প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যশোরকে সিটি কর্পোরেশন করার স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। আয়োজকরা জানান, যশোরের সাধারণ মানুষের প্রাণের এই দাবি আদায়ে এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা সামনের দিনগুলোতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ