প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 April 2026, 08:32 ইং
অভয়নগরে ধানকাটা শ্রমিকের মজুরি ১৩০০ টাকা, বিপাকে কৃষক
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে বোরো ধানকাটা শুরু হলেও বিপাকে কৃষকরা। ৫ ঘন্টার জন্য একজন ধানকাটা শ্রমিককে মজুরি দিতে হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা।
উপজেলার সুন্দলী ইউনিয়নের কৃষক আদিত্য ধর জানান, এক শ্রেণির ভদ্য লোকেরা শ্রমিকের চাহিদা বাড়িয়েছেন। তারা শখের বসে অল্প জমিতে ধানচাষ করেছেন। আর সেই ধান দ্রুত ঘরে তুলতে তারা বাজার থেকে বেশি মজুরি দিয়ে শ্রমিক নিচ্ছেন। ফলে বেশি মজুরি ছাড়া ওইসব শ্রমিকরা নতুন স্থানে ধানকাটার কাজে যেতে রাজি হচ্ছে না। এমন এক পরিস্থিতর মধ্যে আমাদের মত প্রকৃত কৃষকরা বিপাকে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। যা অর্জিত হয়েছেও পুরোপুরি। প্রতি বিঘায় (৩৩ শতাংশ) ফলন হয়েছে প্রায় ৩০ মন ধান। উপজেলার ৯০ শতাংশ কৃষক ধান চাষের উপর নির্ভরশীল। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ জমির ধান পেকে গেছে। ধানকাটাও শুরু হয়েছে। আর সেই কাটা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক পরিবার। সুন্দলী গ্রামের কৃষক অলোক বিশ্বাস বলেন, দাম ও আবহাওয়া ভালো থাকায় অন্য বছরের চেয়ে এবছর ধানের ফলন ভালো হয়েছে। তবে ধানকাটা শ্রমিকের মজুরি বেশি। মাথাপিছু শ্রমিককে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এত টাকা দেওয়ার পর তারা কাজ করছে মাত্র ৫ ঘন্টা। অনেক সমস্যা হচ্ছে।
এ ব্যাপারে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, উপজেলাব্যাপী ধানের আম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ৭০ শতাংশ জমির ধান পেকেছে। তবে ধানকাটা শ্রমিকের সংকট ও মজুরি বেশি হওয়ায় কৃষকরা একটু সমস্যায় পড়েছেন। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ