প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 May 2026, 11:02 ইং
মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

স্টাফ রিপোর্টার :
যশোরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিরব (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে যশোর-চান্দুটিয়া সড়কের শহরতলীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত নিরব কোতোয়ালী থানার নারাঙ্গালী গ্রামের ইমরান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরব বিকেলে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে চান্দুটিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর চোট রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ