প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 May 2026, 12:29 ইং
গণিতে বহিষ্কার ২, গাফিলতির দায়ে গাংনীতে কেন্দ্র সচিবসহ ৩ জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসির গণিত (আবশ্যিক) পরীক্ষা রোববার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে অসাধু উপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্ব অবহেলার কারণে মেহেরপুরের গাংনীতে কেন্দ্র সচিবসহ ৩ জনকে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন-এর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার অনুষ্ঠিত গণিত (১০৯) পরীক্ষায় মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় (৫১৪) কেন্দ্রে ভুল সেটে পরীক্ষা নেওয়া হয়। এই গুরুতর গাফিলতির দায়ে কেন্দ্রের ৩ জন দায়িত্বশীল ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন— সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব মিজানুর রহমান, ট্যাগ অফিসার মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। দায়িত্ব অবহেলা ও উদাসীনতার কারণে বোর্ডের পক্ষ থেকে তাদের চলমান ও আগামী দিনের সকল পরীক্ষার কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি প্রস্তুত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষায় নকল করার দায়ে কুষ্টিয়ার ফিলিপনগর কেন্দ্রের এক পরীক্ষার্থী (রোল: ১২৩৪৩৬) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কেন্দ্রের এক পরীক্ষার্থীকে (রোল: ২০৮৩৮১) বহিষ্কার করা হয়েছে।
বোর্ড সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী:
- মোট কেন্দ্র: ২৯৯টি (১০ জেলা)।
- মোট পরীক্ষার্থী: ১,২২,১৮৪ জন।
- উপস্থিত পরীক্ষার্থী: ১,২০,১০৮ জন।
- অনুপস্থিত পরীক্ষার্থী: ২,০৭৬ জন (১.৭০%)।
গত বছরের তুলনায় এ বছর গণিত পরীক্ষায় অনুপস্থিতির হার সামান্য বেড়েছে। গত বছর একই পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৯৭৩ জন এবং বহিষ্কৃত হয়েছিল ৫ জন।
রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় গাংনীর ঘটনাটি ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমে প্রশ্নপত্রের ভুল সেটের বিষয়টি জানার পরপরই বোর্ড কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ