প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 May 2026, 06:29 ইং
যশোরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে জয়শ্রী বনিক পিংকির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। সোমবার (০৪ মে, ২০২৬) যশোর শহরের এইচএমএম রোডের বাসিন্দা আকিব জাওয়াদ বাদী হয়ে যশোর আদালতে এই মামলাটি দায়ের করেন।
আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত জয়শ্রী বনিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়ার মনোরঞ্জন বনিকের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে আকিব জাওয়াদের সাথে জয়শ্রী বনিকের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০২৩ সালের ১৪ জুলাই জয়শ্রী বনিক ইসলাম ধর্ম গ্রহণ করে আকিব জাওয়াদকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই জয়শ্রী শ্বশুরবাড়ির লোকজনকে ব্ল্যাকমেলিং করে পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছিলেন। বিরোধের একপর্যায়ে গত ৪ মার্চ ২০২৫ তারিখে আকিব জাওয়াদ তার স্ত্রীকে তালাক দেন।
তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জয়শ্রী বনিক তার প্রাক্তন স্বামীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে আকিব জাওয়াদ থানায় জিডিও করেছিলেন। পরবর্তীতে জয়শ্রী দাবি করেন, তালাক প্রত্যাহার না করলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন। বাদী তার দাবি মেনে না নেওয়ায় চলতি বছরের ২১ মার্চ জয়শ্রী বনিক যশোরের বেশ কিছু ফেসবুক গ্রুপে তাদের ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি পোস্ট করেন।
এই ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এবং থানায় অভিযোগ দেওয়ার পর কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী আকিব জাওয়াদ আদালতের দ্বারস্থ হন। আদালত বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ