প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 May 2026, 09:33 ইং
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে যশোরে মানববন্ধন
নিজেস্ব প্রতিনিধি :
ঢাকায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতার, অপমান ও হয়রানির অভিযোগ এবং কিছু সাংবাদিকের আপত্তিকর ও সম্মানহানিকর মন্তব্যের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এলায়েন্স (ফারিয়া) যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
যশোর জেনারেল হাসপাতালের সামনে ঘোপ-নওয়াপাড়া সড়কে ল্যাবএইডের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ সভা ও মানববন্ধনে জেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রায় ৮০ থেকে ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে কর্মসূচিটি যশোর জেনারেল হাসপাতালের ৩ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফারিয়া যশোর জেলা শাখার এক্সিকিউটিভ ফোরামের সদস্য ফারুক মাহমুদ। সভায় সেক্রেটারির দায়িত্ব পালন করেন আজমুল হুদা। এছাড়া সার্বিক সঞ্চালনায় ছিলেন ফারিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন।
সভায় বক্তারা বলেন, “আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধি। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দিই। আমাদের কার্যক্রম ছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যাবে।”
বক্তারা আরও বলেন, “দেশের ঔষধ শিল্পকে এগিয়ে নিতে রিপ্রেজেন্টেটিভরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে ঢাকায় কিছু প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেফতার, অপমান ও হয়রানি করা হয়েছে। পাশাপাশি কিছু গণমাধ্যমে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা পুরো পেশাজীবী সমাজকে আহত করেছে।”
তারা অবিলম্বে এ ধরনের হয়রানি ও অপপ্রচার বন্ধের দাবি জানান এবং ভবিষ্যতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ