প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 May 2026, 12:15 ইং
ঈদে নারী যাত্রীদের জন্য ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে ৫০ মাইলের বেশি পথ পাড়ি দেওয়া ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত রাখার বিধানও রয়েছে আইনে। এছাড়া ১১৯ ধারা অনুযায়ী, বিনা অনুমতিতে কোনো পুরুষ ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে।
দীর্ঘদিন ধরে আইনের এই ধারাগুলো কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলে জানতে চাওয়া হয়েছিল, কেন আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখা হবে না।
আইনজীবী মো. আজমল হোসেন খোকন সংবাদমাধ্যমকে বলেন, “আইনে আলাদা কামরার কথা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছিল না। বর্তমানে রিটটি বিচারাধীন থাকলেও ঈদে নারীদের যাতায়াতের কষ্ট লাঘব করতে আমরা একটি সম্পূরক আবেদন জানাই। আদালত বিষয়টি বিবেচনা করে আসন্ন ঈদুল আজহায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দিয়েছেন।”
এই আদেশের ফলে ঈদযাত্রায় নারী যাত্রীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। আদালতের এই নির্দেশ বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ