নিজেস্ব প্রতিনিধি:
টানা বর্ষার মরসুম সামনে রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব রুখতে যশোর পৌর সদরে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর ইনস্টিটিউট পুকুর থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "সামনে বর্ষার মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঘটে। এই রোগ দুটির বিস্তার ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।
তিনি আরও বলেন, "আমরা যদি প্রত্যেকে নিজ নিজ বাড়ি এবং তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো।" এই পরিচ্ছন্নতা অভিযানকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও চলমান রাখার জন্য স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
