প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 May 2026, 12:43 ইং
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্বপ্নভূমি ডেস্ক :
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের সময়কালের সামগ্রিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) এই রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী বৃহস্পতিবার (২১ মে) এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, "অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়ে এই রিট করা হয়েছে। এই ১৮ মাসে তারা অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সর্বক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা এখন সময়ের দাবি, যাতে ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি এসে কোনো নির্বাচিত সরকারকেও এভাবে উৎখাত (ওভারথ্রো) করতে না পারে। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার আদেশের দিন রেখেছেন।"
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, "গত ১৮ মাসে দেশে যা কিছু ঘটেছে, আমরা তার সবকিছুর তদন্ত চেয়েছি। এই সামগ্রিক তদন্ত কীভাবে হবে, তা সরকারই নির্ধারণ করবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল সময় চেয়ে বলেছেন তিনি সরকারের পক্ষ থেকে নির্দেশনা (ইনস্ট্রাকশন) নিয়ে আসবেন। আমরাও চাই তিনি যথাযথ নির্দেশনা নিয়ে আদালতে আসুক।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ