প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 May 2026, 12:49 ইং
পাকিস্তানকে কাঁপিয়ে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ, লিড ১৫৬

ক্রীড়া প্রতিবেদক:
টপ অর্ডারের ব্যর্থতা আর বোলারদের দারুণ নৈপুণ্যের পর পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পাওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারালেও স্কোরবোর্ডে ১০০-র বেশি রান যোগ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশের বর্তমান লিড দাঁড়িয়েছে ১৫৬ রানে।
রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানেই থমকে যায় পাকিস্তানের প্রথম ইনিংস।
এর আগে প্রথম দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। তবে সকালের সেশনেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে তারা। মিডল অর্ডারে একমাত্র বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়ে ৬৮ রান করেন। শেষ পর্যন্ত পেসার নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন তিনি।
বাবরের আউটের পর সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। একপর্যায়ে ১৮৪ রানে ৮ উইকেট হারিয়ে বসা পাকিস্তান দুই শতাধিক রান পেরোয় লেজের সারির ব্যাটারদের কল্যাণে। ৯ নম্বরে নামা সাজিদ খান ২৮ বলে ঝোড়ো ৩৮ রান করলে ২৩২ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।
৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়।
বিশেষ করে ওপেনার জয় এদিন শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেন। মাত্র ৬১ বলে তুলে নেন চমৎকার একটি হাফ-সেঞ্চুরি। তবে ফিফটির ঠিক পরপরই মনোযোগ হারিয়ে ৬৪ বলে ৫২ রান করে আউট হন তিনি।
দিনের শেষ বিকেলে সাজঘরে ফেরেন থিতু হওয়া মুমিনুল হকও। ফিফটির সম্ভাবনা জাগিয়েও তিনি ৬০ বলে ৩০ রান করে আউট হন। মুমিনুলের আউটের পরপরই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। হাতে ৭ উইকেট নিয়ে আগামীকাল তৃতীয় দিনে লিড আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ