প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 May 2026, 14:27 ইং
যশোরে ছাত্রাবাস থেকে চট্টগ্রামের যুবকের গলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল রিপন (৩৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১৭ মে) বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ নামের একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম খলিল রিপন চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৭ থেকে ৮ বছর আগে রিপন চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে তিনি নিজেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। বিগত এক বছর ধরে কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে আনুমানিক দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল থেকেই তার কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। রোববার বিকেলে স্থানীয়রা সন্দেহবশত ঘরের জানালা খুলে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ