প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 May 2026, 07:18 ইং
অর্থসচিব ও গভর্নরের স্বাক্ষরে বাজারে নতুন নোট

স্বপ্নভূমি ডেস্ক :
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা নতুন ডিজাইন ও আধুনিক বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও ইস্যু করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের এই ৫ টাকার নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬০ মিলিমিটার প্রস্থ। হালকা গোলাপি রঙের আধিক্য থাকা এই নোটের সামনের অংশের বাঁ পাশে ঢাকার ঐতিহাসিক ‘তারা মসজিদ’ এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে, নোটের পেছনের ভাগে স্থান পেয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। এছাড়া নোটের বাঁ দিকে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই দিক থেকেই দেখা যাবে। নোটের সামনের অংশের নিচের গিলোশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্টে আনুভূমিকভাবে অসংখ্য ‘বাংলাদেশ’ শব্দ অবিকৃতভাবে মুদ্রিত আছে।
এদিকে, গভর্নর মোস্তাকুর রহমান স্বাক্ষরিত ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোটও বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার (১৮ মে) থেকে মতিঝিল কার্যালয়ের মাধ্যমে এগুলো ইস্যু করা শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই নোটগুলো আগের নকশাতেই পুনঃমুদ্রণ করা হয়েছে, ফলে কেবল গভর্নরের স্বাক্ষরটিই পরিবর্তন হয়েছে। নোটের রং, আকৃতি ও নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত রয়েছে। পরবর্তী সময়ে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও নতুন গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়। এরপর ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ প্রতিপাদ্যে নতুন নকশায় তৎকালীন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট বাজারে আনা হয়েছিল। সেই ধারাতেই এবার ৫ টাকার নোটে বড় পরিবর্তন এলো। তবে ১ ও ২ টাকা মূল্যমানের কাগজের নোট বা কয়েন এখনো নতুন নকশায় ছাপানো হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ