প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 May 2026, 11:31 ইং
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

অর্থনৈতিক প্রতিবেদক :
বৈশ্বিক সংঘাত ও অভ্যন্তরীণ নানা আর্থিক চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের অর্থনীতিকে টেনে তুলতে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী ৫ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে সংস্থাটি।
সোমবার (২৫ মে) ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা আনুষ্ঠানিকভাবে এই বিশাল সহায়তা প্যাকেজের ঘোষণা দেন। এই অর্থ ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় ব্যয় করা হবে, যার মূল লক্ষ্য হলো দেশের যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা।
বাংলাদেশ সফরকালে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রাধিকার, প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এডিবি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের জেরে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার ও আন্তর্জাতিক পরিবহন ব্যয় ব্যাপক হারে বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমদানিনির্ভর বাংলাদেশের ওপর। একই সঙ্গে দেশের অভ্যন্তরে উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতের চলমান তারল্য সংকট অর্থনীতিকে বাড়তি চাপে ফেলেছে।
বৈঠক শেষে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, "বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ নতুন অর্থনৈতিক পর্যায়ে প্রবেশ করছে। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি এবং আরও বৈচিত্র্যময় ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি বাংলাদেশের পাশে থাকবে।"
ঘোষিত এই প্যাকেজের আওতায় প্রতি বছর প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার করে অর্থ ছাড় করা হবে, যা এডিবির সার্বভৌম অর্থায়ন কর্মসূচির অংশ হিসেবে যুক্ত হবে। এর পাশাপাশি, চলমান সফরকালেই ২০২৬ সালের প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন (১৪০ কোটি) ডলারের একটি ঋণচুক্তি সই হয়েছে। এই অর্থ জ্বালানি, পরিবহন, জলবায়ু সহনশীলতা ও সামাজিক উন্নয়ন প্রকল্পে সরাসরি ব্যয় করা হবে। একই সাথে মধ্যপ্রাচ্য সংকটের চাপ সামলাতে বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে এডিবি আরও জানায়, বাংলাদেশে তাদের বার্ষিক সার্বভৌম অর্থায়নের পরিমাণ ২০ শতাংশ বাড়িয়ে ২ বিলিয়ন ডলার থেকে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। এই বর্ধিত তহবিল দেশের পুঁজিবাজার শক্তিশালীকরণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, সুশাসন সংস্কার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে সফল উত্তরণে ভূমিকা রাখবে।
সূত্র: রয়টার্স।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ