প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 May 2026, 14:49 ইং
যশোরে হাসপাতালের কর্মীর অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক পরিচ্ছন্নতা কর্মীর চরম অবহেলার কারণে চিকিৎসাধীন ১০ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মৃত শিশুটির নাম নাজমা। সে যশোর শহরের শংকরপুর এলাকার নুর ইসলামের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ মে থেকে ১০ মাস বয়সী নাজমা হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্বজনদের অভিযোগ, খুলনায় নেওয়ার প্রস্তুতির সময় হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানোর প্রক্রিয়া চলছিল। এ সময় মোছা. নাজমা বেগম (৫৫) নামের এক পরিচ্ছন্নতা কর্মী শিশুটির নাকে সংযুক্ত থাকা অক্সিজেনের পাইপটি হুট করে খুলে ফেলেন। এরপর তিনি ওই শিশুর মুখে বড়দের ব্যবহৃত একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। এর কিছুক্ষণ পরই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে শুরু করে।
শিশুটির বাবা নুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার মেয়ের নাকে লাগানো অক্সিজেনের পাইপ পরিবর্তন করা না হলে হয়তো সে মারা যেত না। অক্সিজেনের সংযোগ পরিবর্তনের পর তার মেয়ের অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটি পুরোপুরি অচেতন হয়ে পড়ে। পরে তাকে আবার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর শিশুটির আকস্মিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। হাসপাতালের ভেতরেই তারা ক্ষোভ প্রকাশ করতে থাকলে কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সান্ত্বনা ও পরিস্থিতি শান্ত হলে তারা শিশুটির মরদেহ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে চিকিৎসাধীন শিশুর ক্ষেত্রে একজন পরিচ্ছন্নতা কর্মীর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ