প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 June 2026, 03:09 ইং
হানিফ পরিবহনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন আর নেই

স্বপ্নভূমি ডেস্ক :কা
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে কফিল উদ্দিন স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দেশের পরিবহন খাতের অন্যতম এই পথিকৃতের মৃত্যুতে পুরো পরিবার ও পরিবহন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম এক যৌথ বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশের সড়ক পরিবহন খাতের উন্নয়নে কফিল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ ভারত থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে। ঢাকা পৌঁছানোর পর তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ