প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 June 2026, 10:43 ইং
বাঘারপাড়া বাজারে জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ, মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়া উপজেলার থানা বাজারে জেলি পুশ করা চিংড়ি মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাছ আড়ত মালিককে জরিমানা করা হয়েছে।
সোমবার (হাটের দিন) বাঘারপাড়া থানা বাজারে নিয়মিত তদারকিকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন চিংড়ি মাছে জেলি পুশ করার বিষয়টি শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান সহকারী মৎস্য কর্মকর্তা জাবেদ ইকবালকে সঙ্গে নিয়ে বাজারে উপস্থিত হয়ে ঘটনাস্থলে তদন্ত ও যাচাই-বাছাই করেন। এ সময় মায়ের দোয়া মৎস্য আড়তে রাখা চিংড়ি মাছে জেলি পুশ করার সত্যতা পাওয়া যায়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক ও সাবেক কাউন্সিলর খবির উদ্দীনের বিরুদ্ধে *মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০* এর ৩১ ধারায় *৫ হাজার টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা প্রকাশ্যে বিনষ্ট করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করতে জেলি জাতীয় পদার্থ পুশ করে থাকে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ