প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 June 2026, 14:18 ইং
যশোরের গাজীপাড়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
যশোরের ধর্মতলা কদমতলার গাজীপাড়া এলাকায় মাদকের অভয়ারণ্য উচ্ছেদ এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। আজ সোমবার (১ জুন) গাজীপাড়ায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে ধর্মতলা ও খোলাডাঙ্গার গাজীপাড়া এলাকাটি মাদকের একটি বড় ‘হটস্পট’ হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং এর সাথে জড়িতদের বিষয়ে অবগত থাকলেও মূল হোতারা বরাবরই পার পেয়ে যাচ্ছে।
‘চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে’
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন যশোরের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান। তিনি বলেন, এই এলাকাটি দীর্ঘ দিন ধরে মাদকের অভয়ারণ্য। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং মাদক বিক্রেতাদের সম্পর্কে সব জানে। মাঝেমধ্যে এখানে রেইড (অভিযান) হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।"
তিনি আরও বলেন, বাইরে থেকে আসা মাদকসেবীদের উৎপাতে স্থানীয় নারীরা প্রতিনিয়ত বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়ছেন। মাদকের এই দূষিত পরিবেশের কারণে এলাকার শিশু-কিশোর ও শিক্ষিত তরুণরা বিপথগামী হচ্ছে এবং অতিষ্ঠ হয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। নিজের এলাকাকে নিরাপদ করার আকুতি জানিয়ে তিনি বলেন,"আমার বাড়ি এই গাজীপাড়ার ভেতরেই। এখানে শুধু মাদকই বিক্রি হয় না, সাথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, নিয়মিত বোমা ফোটে। আমরা এলাকাবাসী এর স্থায়ী প্রতিকার ও সাধারণ মানুষের নিরাপত্তা চাই।"
মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং গাজীপাড়াকে মাদকমুক্ত ঘোষণার জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ