প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 June 2026, 03:08 ইং
ভারতের ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে আজ বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ বা ‘পুশইনের’ অভিযোগের প্রতিবাদে বেনাপোল সীমান্ত সফরের কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচির কথা জানান। মূলত সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্থানীয় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
"ইনশাআল্লাহ আগামীকাল (বুধবার, ৩ জুন) যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাব। সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ (পুশ-ইন) করানোর অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সরেজমিন অবগত হওয়ার চেষ্টা করব। এ উপলক্ষে স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করব।"
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখেই যেকোনো সীমান্তসংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত—এটাই তাদের প্রত্যাশা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (৩ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোল সীমান্তে পৌঁছাবেন। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি সাদিপুর সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। সফর শেষে দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি প্রেস ব্রিফিং করবেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ