প্রিন্ট এর তারিখঃ Jul 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 June 2026, 14:52 ইং
চৌগাছায় মুক্তেশ্বরী নদীতে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় বাড়ির পাশের মুক্তেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মেহজাবিন নূর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহজাবিন ওই গ্রামের আজিজুর রহমানের মেয়ে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেহজাবিন তার বড় ভাই আল আমিনের (১২) সঙ্গে জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পেছনে মুক্তেশ্বরী নদীতে (স্থানীয়ভাবে বলিদা নামে পরিচিত) গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মেহজাবিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় বড় ভাই আল আমিন তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারেনি।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর ১টা ১০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা আজিজুর রহমান কান্নায় ভেঙে পড়ে সাংবাদিকদের বলেন, "দুই ভাই-বোন একসাথে নদীতে গিয়েছিল, কিন্তু মেয়েটা আর ফিরে এল না।"
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মেহজাবিনের এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো জামিরা গ্রাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ