প্রিন্ট এর তারিখঃ Jun 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 June 2026, 05:03 ইং
চৌগাছায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরুণীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় অভিমান করে গলায় ফাঁস দিয়ে শেফা (১৮) নামে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রবিবার (৭ জুন) দুপুরে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শেফা চৌগাছা উপজেলার চুটারহুদা গ্রামের খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। তবে ঘটনার সময় তিনি চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া এলাকায় তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে শেফা তাঁর স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে কোনো অজ্ঞাত কারণে মনোমালিন্য ও রাগারাগি হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি অভিমান বশত নিজের শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
এরপর যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শেফার মৃত্যু হয়। মাত্র ১৮ বছর বয়সী এই তরুণীর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে, পারিবারিক ও দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি থেকে এমন অনাকাঙ্ক্ষিত ও চরম পথ বেছে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা পরিবারের তরুণ সদস্যদের মানসিক চাপ সামলাতে পারস্পরিক বোঝাপড়া ও ধৈর্য ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ