প্রিন্ট এর তারিখঃ Jun 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 June 2026, 14:23 ইং
গৃহবধূ শাম্মী হত্যার দ্রুত বিচারের দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়ার গৃহবধূ ছামিনা আক্তার শাম্মী হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে ‘প্রেসক্লাব যশোর’-এর সামনে বিক্ষুব্ধ শত শত নারী-পুরুষ এই কর্মসূচি পালন করেন। এর আগে শেখহাটি এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রেসক্লাব চত্বরে এসে জড়ো হন। মানববন্ধন শেষে মিছিলটি আবার একই স্থানে ফিরে যায়।
মানববন্ধনে নিহত শাম্মীর পিতা শফিকুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমার মেয়ে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় তাকে লাশ হতে হলো। মাদকাসক্ত স্বামী সুজন অত্যন্ত নৃশংসভাবে আমার মেয়েকে হত্যা করেছে।" তিনি অবিলম্বে ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা জানান, হত্যাকারী সুজন বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। সে সবার সামনে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে, যা পুলিশ প্রশাসনও অবগত। তাই এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীকাল বুধবার (১০ জুন) এই দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পুলিশের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিহতের নানা আব্দুল আহাদ, মামা জিয়াউর রহমান, খালু সাইদুর রহমান সাবু এবং চাচা মহসিন আলী, ইয়াসিন আলী ও কামরুল হাসান শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গতকাল সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলা এলাকার নিজ বাসায় স্ত্রী ছামিনা আক্তার শাম্মীকে ছুরিকাঘাতে হত্যা করেন স্বামী সুজন। স্ত্রীকে খুনের পর সুজন নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টাও চালান। বর্তমানে তিনি পুলিশ পাহারায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক কলহের জেরে সুজন তার স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ