প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 June 2026, 13:12 ইং
যশোরে স্বাস্থ্য সাংবাদিকদের এইচআইভি ও নৈতিক সাংবাদিকতা বিষয়ে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার :
স্থানীয় পর্যায়ের হাসপাতাল ও মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের জন্য ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এইচআইভি-সম্পর্কিত সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মানবাধিকার, লিঙ্গ সংবেদনশীলতা, সামাজিক সচেতনতা এবং স্বাস্থ্যবিষয়ক সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে জানানো হয়, চলতি বছরের ৫ জুন পর্যন্ত যশোর জেলায় নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন ৮ জন প্রবাসফেরত ব্যক্তি, ৫ জন শিক্ষার্থী, ১০ জন সমকামী এবং ৬ জন সাধারণ জনগোষ্ঠীর সদস্য। আক্রান্তদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
অনুষ্ঠান শেষে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি বলেন, চলতি বছর ১ হাজার ২০০-এর বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সময়মতো কাউন্সেলিং, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।
ডা. একেএম রাফিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য দেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পি, আরএমও ডা. হাবিবা সুলতানা ফোয়ারা এবং এইচআইভি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা এ্যানিস।
বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের গোপনীয়তা, মর্যাদা ও মানবাধিকার রক্ষা করে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সামাজিক বৈষম্য, কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে সচেতনতামূলক সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যখাতের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ