প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 June 2026, 23:51 ইং
স্বামীর সাথে ভিডিও কলে থাকাকালে নববধূর আত্মহত্যা: আদালতে প্ররোচনার মামলা

যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় স্বামীর সাথে লাইভ ভিডিও কলে থাকাকালীন সেফা খাতুন (২০) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। যৌতুকের দাবিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গত রোববার (১৪ জুন) চৌগাছা আমলী আদালতে মামলাটি করেন নিহতের মা আসমা খাতুন।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল ইসলাম অভিযোগটি এজাহার (এফআইআর) হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ।
মামলার একমাত্র আসামি খালিদ বিন ওয়ালিদ সেতু চৌগাছা উপজেলার চুটারহুদা সাঞ্চাডাঙ্গা গ্রামের সাফাউজ্জামানের ছেলে।
মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল পারিবারিকভাবে খালিদ বিন ওয়ালিদ সেতুর সাথে সেফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোনার গহনা কম দেওয়ার অজুহাতে সেফাকে মানসিক নির্যাতন করতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে সেফার বাবা প্রবাসী হওয়ায় তাঁর কাছ থেকে ব্যবসা করার কথা বলে ২ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী সেতু। দাবিকৃত টাকা না পেয়ে সেফার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন আরও বাড়িয়ে দেওয়া হয়। গত ৬ জুন সেফা তাঁর নানা সদর আলীকে ফোনে কান্নাকাটি করে জানান, বাবার কাছ থেকে ২ লাখ টাকা এনে না দিলে তাঁর সংসার টিকবে না।
অভিযোগে আরও বলা হয়, সেতু প্রায়ই সেফাকে বলত— ‘টাকার জন্যই তোকে বিয়ে করেছি, টাকা না পেলে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করব।’ গত ৭ জুন দুপুরে সেতু তাঁর স্ত্রী সেফার সাথে ভিডিও কলে কথা বলার সময় জানান, তাঁকে তালাক দেওয়া হবে এবং নতুন বিয়ের জন্য মেয়ে দেখাও শুরু হয়েছে। এই কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষোভে ও অভিমানে ভিডিও কলে থাকা অবস্থাতেই সেফা নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওড়না পেঁচানোর সেই দৃশ্য সেতু লাইভ ভিডিও কলেই দেখছিল। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে সেতু ভিডিও কল কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় সেফাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত বাদীর আরজি গুরুত্বের সাথে বিবেচনা করে চৌগাছা থানাকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ