প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 June 2026, 00:01 ইং
কাউন্টি অভিষেকেই হাসান মাহমুদের বাজিমাত, ৯ উইকেট নিয়ে কেন্টের জয়

স্পোর্টস রিপোর্টার:
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১০১ রানে ৯ উইকেট নিয়ে দলকে এনে দিয়েছেন ১৪০ রানের দুর্দান্ত এক জয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই হাসানের ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স।
ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইনআপের ভিত নাড়িয়ে দিয়েছিলেন হাসান। তাঁর তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে কেন্ট ৩৩২ রান সংগ্রহ করলে ল্যাঙ্কাশায়ারের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রান। কেন্টের হয়ে ক্রিস বেঞ্জামিন ১০৪ ও হ্যারি ফিঞ্চ ৮৬ রান করেন।
৪২৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালোই এগোচ্ছিল ল্যাঙ্কাশায়ার। তবে নবম ওভারে প্রথমবার আক্রমণে এসেই আঘাত হানেন হাসান। হ্যারি সিংকে স্লিপে ক্যাচ বানিয়ে ব্রেক-থ্রু এনে দেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ও তৃতীয় স্পেলে ফিরে একে একে ফিরিয়ে দেন জশ বোহানন, থিতু হওয়া কিটন জেনিংস ও মার্কাস হ্যারিসকে। ল্যাঙ্কাশায়ারের বড় ভরসা লিয়াম লিভিংস্টোনকেও (৪৭) সাজঘরে পাঠান এই বাংলাদেশি পেসার।
এরপর জোসেফ মুরসকে আউট করে কাউন্টি অভিষেকেই ৫ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন হাসান। এর কিছুক্ষণ পর জর্জ বল্ডারসনকে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। একপর্যায়ে ল্যাঙ্কাশায়ারের পতন হওয়া ৭ উইকেটের ৬টিই ছিল হাসানের ঝুলিতে। তবে নির্ধারিত স্পেল শেষ হয়ে যাওয়ায় ম্যাচে ১০ উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাঁর।
দ্বিতীয় ইনিংসে হাসানের চূড়ান্ত বোলিং ফিগার দাঁড়ায় ২১ ওভারে ৬৯ রান দিয়ে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম কোনো ইনিংসে ৬ উইকেট পাওয়ার স্বাদ পেলেন তিনি। হাসানের এই ধ্বংসাত্মক বোলিংয়ের মুখে ল্যাঙ্কাশায়ার ২৮৩ রানে অলআউট হলে ১৪০ রানের বড় জয় পায় কেন্ট।
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে এই ম্যাচেই আরেকটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১০০ উইকেটের কোটা পূর্ণ করেন তিনি। বর্তমানে ৩৫ ম্যাচে এই ডানহাতি পেসারের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ