প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 June 2026, 13:13 ইং
ভৈরব নদে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজ্জাদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন খুলনা জেলার রুপসা উপজেলার চানমারী গ্রামের মাছ ব্যবসায়ী বাচ্চু শেখের ছেলে। কোরবানি ঈদের পর মায়ের সঙ্গে অভয়নগরে পাইকপাড়া গ্রামে মামা আলিম শেখের বাড়ি বেড়াতে এসেছিল সে।
নিহতের মামা আলিম শেখ বলেন, ঈদের পরের দিন সাজ্জাদ তার মায়ের সঙ্গে আমার বাড়ি বেড়াতে আসে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সমবয়সী তিন বন্দুর সঙ্গে ভৈরব নদের পাইকপাড়া ঘাট এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে সাজ্জাদ নিখোঁজ হয়। এ সময় তার সঙ্গে নদীতে থাকা অপর দুই শিশু বাড়ি এসে বিষয়টি জানালে লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক পর্যায়ে দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে সাজ্জাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. সোহানা আজমিন উর্মী বলেন, ‘সাজ্জাদ হোসেন নামে ১০ বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ভৈরব নদে ডুবে মারা যাওয়া শিশুটির সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ