প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 June 2026, 13:29 ইং
বিসিবি পরিচালক সুমিতের সাথে যশোরের ক্রিকেটার ও সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
যশোরের শামস-উল-হদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারীতে আজ এক জমকালো পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের সাথে স্থানীয় ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। বিকেল ৪টায় শুরু হওয়া এই সভায় যশোরের ক্রিকেটের বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভাদের জাতীয় পর্যায়ে তুলে আনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত স্থানীয় ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়েরা নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, শান্তনু ইসলাম সুমিতের হাত ধরে যশোরের ঝিমিয়ে পড়া ক্রিকেট আবার নতুন প্রাণ ফিরে পাবে এবং লিগগুলো নিয়মিত মাঠে গড়াবে।
অনুষ্ঠানে বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত তার বক্তব্যে বলেন—
"যশোরের মাটির সাথে আমার ক্রিকেটীয় আবেগ জড়িয়ে আছে। বিসিবিতে আমার এই অবস্থান ঢাকার ক্রিকেটকে কেন্দ্র করে নয়, বরং তৃণমূলের ক্রিকেটকে শক্তিশালী করার জন্য। আমি চেষ্টা করব যশোরসহ সমগ্র অঞ্চলের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন করতে এবং তরুণ খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে।"
অনুষ্ঠানে যশোরের মাঠের সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন যশোরের সকল ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দ। উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, এই মতবিনিময় সভাটি যশোরের ক্রিকেট ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ