প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 June 2026, 11:16 ইং
দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল লতিফের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল লতিফ দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তিতে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাদানের মহান ব্রত শেষে তিনি গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে অবসরে যান। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসিডি কলেজের সহযোগী অধ্যাপক এবং ২ নং পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মো: জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব মাহামুদুর রহমান।
বিদায়ী শিক্ষক মোঃ আব্দুল লতিফ ১৯৬৬ সালের ২৭ এপ্রিল যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আফছার আলী। মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষার গণ্ডি পার করেন তিনি। এরপর চৌগাছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর যশোর সরকারি বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে ১৯৮৬ সালের ১ জানুয়ারি তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি হাজারো শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন।
অনুষ্ঠানে বক্তারা আব্দুল লতিফ স্যারের সততা, নিষ্ঠা এবং শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায় সংবর্ধনা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ইমামুল হক, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কাদের, সেলিম রেজা, আব্দুল খালেক, মোজাফফর হোসেন, নাজমুল হোসাইন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ