
স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ বুধবার বিকালে জেলা যুবদলের ব্যানারে শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম পল।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম পল বলেন, "আওয়ামী লীগের দুঃশাসন ও অপরাজনীতির কারণেই তাদের দেশ থেকে পালাতে হয়েছে। বাংলাদেশের মানুষের সুনির্দিষ্ট সিদ্ধান্তেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। দেশের মাটিতে তাদের আর কোনো অপতৎপরতা বা কার্যক্রম চালাতে দেওয়া হবে না এবং যুবদল তা শক্ত হাতে প্রতিহত করবে।"
সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, সহ-সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আতিক আল হাসান মিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব ফালানিদ ইমরান। জেলা যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।