প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 July 2026, 02:17 ইং
কাতার-মার্কিন বৈঠক, অনড় ইরান; ‘পারস্য কৌশলে খেলছে তেহরান’

আর্ন্তজাতিক ডেস্ক:
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি দোহায় মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের আলোচকরাও বর্তমানে দোহায় রয়েছেন, তবে দুই পক্ষের মধ্যে সামনাসামনি কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
আজ (১ জুলাই) বুধবার আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান প্রকাশ্যে যে চলমান আলোচনার কথা অস্বীকার করছে, তা একটি ইচ্ছাকৃত ‘আলোচনার পারস্য কৌশল’। তার দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি (টেকনিক্যাল) পর্যায়ের আলোচনা চলছে।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আগেই নির্ধারিত কিছু আলোচনা ছিল—মূলত কারিগরি পর্যায়ের আলোচনা, যা আমরা ইতোমধ্যে যে আলোচনার ধারা শুরু করেছি, তারই ধারাবাহিকতা। সেগুলো অবশ্যই আগামীকাল অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ইরানের প্রকাশ্য বক্তব্য তার কাছে ‘আকর্ষণীয় এবং একই সঙ্গে হতাশাজনক’ মনে হয়েছে। কারণ, ইরানি কর্মকর্তারা একদিকে শান্তি আলোচনা চলছে বলে অস্বীকার করছেন, অন্যদিকে কারিগরি আলোচনা চলছে বলে স্বীকার করছেন।
ভ্যান্স আরও বলেন,‘তারা বলে, ‘না, না, কোনো শান্তি আলোচনা চলছে না। তবে শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে।’ এটি একটি পারস্য কৌশল এবং পারস্য বক্তব্যের ধরন, যা আমি বুঝতে পারি না।’
হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দোহায় গেছেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ঘোষণা করেছিলেন যে ইরান কাতারের রাজধানীতে একটি বৈঠকের অনুরোধ করেছে।
তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা নির্ধারিত নয়। যদিও তারা বলেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরামর্শ ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ