প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 July 2026, 12:38 ইং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (কপোতাক্ষ)-এর নতুন কমিটি গঠন

প্রতিবেদক: রুদ্র ফারাবী
যশোর জেলা থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের অন্যতম সংগঠন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (কপোতাক্ষ)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের ১২৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান প্লাবন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব।
নবনির্বাচিত সভাপতি ইসতিয়াক আহমেদ বলেন, “উপদেষ্টা পরিষদ, সাবেক নেতৃবৃন্দ এবং সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখতে চাই। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সেবামুখী সংগঠন গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সততা, জবাবদিহিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে সুদূর যশোর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত প্রতিটি শিক্ষার্থী প্রয়োজনীয় সহযোগিতা ও আন্তরিকতা লাভ করবে।”
সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্লাবন বলেন, “নতুন দায়িত্ব আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে আরও গতিশীল ও কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা করব। যশোর জেলার শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করব। বার্ষিক বনভোজন, ইফতার মাহফিল, বারবিকিউ পার্টি, শিক্ষা সফর, জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে চাই। জেলা সমিতিকে একটি প্রাণবন্ত, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
কাউন্সিলের সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর আতিয়ার রহমান স্যার, সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (কপোতাক্ষ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর যশোর জেলার শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, আবাসন ও প্রশাসনিক বিষয়ে সহযোগিতা, শিক্ষকদের সঙ্গে সমন্বয়, বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ