প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 July 2026, 13:30 ইং
খামেনির স্মরণে ইরানের স্লোগান ‘আমাদের জেগে উঠতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশটির জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হতে পারে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি উঠতে পারে। তেহরানের 'সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ'-এর সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এই মন্তব্য করেছেন।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।
আব্বাস আসলানি বলেন, ‘এই আয়োজনের জন্য আনুষ্ঠানিক একটি স্লোগান নির্ধারণ করা হয়েছে— "আমাদের জেগে উঠতে হবে"। এর মাধ্যমে বিশ্ববাসীকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, এই হত্যাকাণ্ডের পরও ইরানের রাষ্ট্রীয় নীতি ও ধারাবাহিকতায় একটুও ফাটল ধরেনি এবং দেশের নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি।’
তিনি আরও জানান, এই দাফন ও স্মরণের আনুষ্ঠানিকতা সাধারণ ইরানিদের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত, যেখানে তারা তাদের নেতাকে বিদায় জানাচ্ছেন। তবে একই সাথে এই বিশাল সমাবেশ থেকে হামলাকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ এবং কঠোর প্রতিশোধ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠতে পারে।
প্রয়াত সর্বোচ্চ নেতার অবদানের কথা উল্লেখ করে এই বিশ্লেষক বলেন, বাহ্যিক ও আন্তর্জাতিক চাপ রুখে দেওয়ার ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনি ছিলেন এক অবিচল ব্যক্তিত্ব। ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার মূল রূপকার এবং দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রধান চালিকাশক্তি হিসেবেই তিনি ইরানিদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ